Published on
:
2 min read
বিয়ের পরে প্রথমবার জুটিতে কোনও টেলিভিশন শোয়ে ধরা দিতে চলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ‘কফি উইথ করণ’ সিজন ৯-এর দ্বিতীয় পর্বে অতিথি হিসেবে আসবেন এই জুটি। সঞ্চালকের আসনে থাকছেন বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহার। রোম্যান্স, নির্ভেজাল আলোচনা ও মজার খুনসুটির মধ্যে দিয়ে করণের সঙ্গে আড্ডা দেবেন তারকা দম্পতি।
প্রকাশ্যে এসেছে এই পর্বের প্রোমো। সেখানেই মজাদার মন্তব্য করতে শোনা যায় বিজয়কে। অনুষ্ঠানের চলাকালীন করণ রশ্মিকাকে জিজ্ঞাসা করেন, বিজয়ের তরফ থেকে রশ্মিকাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল কি না। সকলকে চমকে দিয়ে জবাবে রশ্মিকা মাথা নেড়ে জানান, নাহ, কোনও প্রস্তাব-ই আসেনি। বিজয় তখন জানান, রশ্মিকাই তাঁকে বলেছিলেন, ‘চলো আমরা বিয়ে করে নি…...।’ উত্তরে বিজয় হেসে জানিয়েছিলেন, ‘তুমি তো আমাকে ১০০ বার বলেই ফেলেছ, তাহলে চলো বিয়েটা আমরা সেরেই ফেলি...।’
এই কথা শোনার পর নিশ্চিত হতে রশ্মিকাকে পাল্টা প্রশ্ন করেন করণ, সত্যি-ই তিনি এমনটা করেছিলেন কি না। জবাবে মিষ্টি হেসে রশ্মিকা উত্তর দেন, সত্যি-ই তিনি এমন করেছিলেন। এমনকি রশ্মিকা স্বীকার করেন পুরো এক বছর বিজয়কে বিয়ের কথা বলেছিলেন। এর পর করণ বিজয়কে প্রশ্ন করেন রশ্মিকা ছাড়া অন্য কোনও নায়িকার সঙ্গে অন-স্ক্রিন কেমিস্ট্রি জমে উঠছিল কি না, সঙ্গে সঙ্গে রশ্মিকা উত্তর দেন কারোর সাথে না। অন্যদিকে বিজয় বলে ওঠেন, বিয়ের প্রথম ও একমাত্র শর্ত হল স্ত্রীর সব কথা মেনে চলা। এ ছাড়াও শো জুড়ে চলতে থাকে মজার মজার খেলা। কখনও র্যাপিড ফায়ার আবার কখনও বাজার গেম।
যদিও এই প্রোমো প্রকাশ্যে আসতেই নানা দর্শক নানান মন্তব্য করেছেন। কেউ কেউ বিজয়ের বিয়ের প্রসঙ্গে বলা কথা গুলি নিয়ে আলোচনাও করেছেন।
