কক্সবাজারের রিসোর্টে আগুনে প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের ফাইজানের
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ৪:০৪ পিএম
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতালপাড়ার বাসিন্দা ফারিয়া কবীর (৩৩) ও তার পাচ বছরের ছেলে ফাইজান। মা ও শিশুসন্তানের মর্মান্তিক মৃত্যুতে চুয়াডাঙ্গায় শোকের ছায়া নেমে এসেছে।
ফারিয়া কবীর ওষুধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী। চাকরির সুবাদে গত আট বছর ধরে নুর আলম পরিবার নিয়ে চুয়াডাঙ্গা শহরে বসবাস করছেন। ফারিয়ার গ্রামের বাড়ি বরিশালে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে কক্সবাজারে যান তাঁরা। শনিবার (১৭ অক্টোবর) সকালে ইনানী এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগলে ফারিয়া ও তাঁর ছেলে ফাইজানের মৃত্যু হয়।
একই পরিবারের মা ও শিশুসন্তানের এমন মৃত্যুতে স্বজন, পরিচিতজন ও স্থানীয়দের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
