সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটে তার মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এদিকে, শাহেদের বকেয়া বেতন, ভাতা ও চাকরিসংক্রান্ত পাওনা বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল বাংলাদেশ দূতাবাসের ব্যাংক হিসাবে জমা দিয়েছে তার নিয়োগদাতা প্রতিষ্ঠান সাদ আল-ইসা কন্ট্রাকটিং কোম্পানি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসীকল্যাণ বোর্ডের মাধ্যমে শিগগিরই এই অর্থ শাহেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৩৬ বছর বয়সী শাহেদ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা। তিনি মো. রফিকুল ইসলাম ও শাহেরা বেগমের সন্তান। ২০১৩ সাল থেকে সৌদি আরবের জেদ্দায় প্লাম্বার হিসেবে কাজ করছিলেন তিনি।
উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছেন। তাদের একজন মো. শাহেদ আহম্মদ।
The post সৌদির বিমানবন্দরে হামলায় নিহত ১ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে appeared first on ভোরের চেতনা.
