২০২৭ সাল পর্যন্ত বজায় থাকবে ডিজেলের ‘সংকট’: আইইএ
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলে ডিজেল সরবরাহ ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। এর প্রভাব শুধু চলতি বছর নয়, ২০২৭ সাল পর্যন্তও থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
বুধবার (১৪ অক্টোবর) এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্যারিসভিত্তিক সংস্থাটি তাদের মাসিক জ্বালানি বাজারবিষয়ক প্রতিবেদনে বলেছে, “গ্যাস অয়েল বা ডিজেলের বাজারের ভারসাম্য ২০২৭ সালের একটি বড় সময়জুড়ে চরম চাপের মুখে থাকবে এবং এর সমাধান অনেকটাই নির্ভর করছে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি পণ্যটির সরবরাহ স্বাভাবিক হওয়ার ওপর।”
উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি হ্রাস এবং ইরানের পাল্টা-হামলায় ওই অঞ্চলের শোধনাগারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন দেশের সরকার জ্বালানি কর হ্রাস, ভর্তুকি প্রদান কিংবা কৌশলগত জরুরি মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে তেল ছেড়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে এই খালি হওয়া মজুতগুলো পরে তাদের আবারও পূরণ করতে হবে।
আইইএ অবশ্য পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছরের প্রথম প্রান্তিক নাগাদ তেলের শোধনাগারগুলোর উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধার হতে পারে এবং তা ডিজেল বাজারে কিছুটা উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি করতে পারে। এর ফলে জ্বালানির মজুতও স্বাভাবিক ঋতুভিত্তিক ধারায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে এই সাময়িক প্রবৃদ্ধি ইরান যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে তৈরি হওয়া বিপুল ঘাটতি পুরোপুরি পুষিয়ে নিতে পারবে না। মূলত এই সংঘাতের কারণে বিশ্বজুড়ে আকাশচুম্বী হয়ে গেছে জ্বালানির দাম।
আইইএ আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পারস্য উপসাগর থেকে সরবরাহ শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে “বাজারের ভারসাম্য বজায় রাখতে চাহিদায় অতিরিক্ত কাটছাঁট এবং বড় ধরনের অর্থনৈতিক মূল্য দিতে হতে পারে।।”
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
