প্রতিনিধি, জগন্নাথপুর · ১২ অক্টোবর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে উপজেলার কলকলিয়া ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দুটি ওয়ার্ডে এ কার্যক্রম শুরু করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে আনুষ্ঠানিকভাবে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে নেওয়া এ কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। পাশাপাশি পরিবারগুলোকে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তুলতেও এটি ভূমিকা রাখবে।
প্রাথমিকভাবে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাসনাগাঁও এলাকার ১ নম্বর ওয়ার্ড এবং কলকলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, উপজেলা বিএনপি নেতা আব্দুর সোবানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জগন্নাথপুর প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য গোবিন্দ দেব, আমিনুর রহমান শিপন, সাংবাদিক শাহাজান মিয়া, ফুজায়েল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
