বগুড়ার সোনাতলায় বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে পাঠানোর অভিযোগে রাজু ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার দক্ষিণ আটকোরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু ইসলাম উপজেলার কর্নিপাড়া (আগাবরগাছা) এলাকার বাবলু মিয়ার ছেলে। দক্ষিণ আটকোরিয়া এলাকায় জহুরুল ইসলামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৮ জানুয়ারি ওই নারীর সঙ্গে রাজু ইসলামের বিয়ে হয়। দাম্পত্য জীবন চলাকালে রাজু অন্য নারীদের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে স্ত্রী প্রতিবাদ করলে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে চলতি বছরের ১০ জানুয়ারি স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন রাজু। পরে ৬ জুন তাঁর কাছে তালাকের কাগজ পাঠানো হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সংসার চলাকালে রাজু কৌশলে স্ত্রীর কিছু ব্যক্তিগত আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন। বিবাহবিচ্ছেদের পর সাবেক স্ত্রীর কাছে থাকা কিছু কাগজপত্র ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন তিনি। কাগজপত্র ফেরত না দিলে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৪ অক্টোবর রাজু নিজের হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে সাবেক স্ত্রীসহ তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে আপত্তিকর ছবি ও ভিডিও পাঠান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি বগুড়ার এসআরবি-১২ এর একটি দল বুধবার ভোরে দক্ষিণ আটকোরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জহুরুল ইসলামের বাড়ি থেকে অভিযুক্ত রাজু ইসলামকে গ্রেপ্তার করা হয়।
