মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোশারফ হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মোশারফ হোসেন মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ওই শিক্ষার্থী বাড়িতে একা কাজ করার সুযোগে মোশারফ হোসেন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। পরে ওই দিন সন্ধ্যায় বাড়িতে ফেলে যাওয়া একটি মোবাইল ফোনের সূত্রে এবং মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে বিষয়টি জানাজানি হয়। এরপর ভুক্তভোগী ছাত্রীকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। দীর্ঘ তদন্ত ও বিচার প্রক্রিয়া শেষে আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আজ এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) পারভীন সুলতানা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মিয়াজান আলী।
জেএইচআর
