সিরাজগঞ্জের সলঙ্গা থানার হারনী মধ্যপাড়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশন শুরু করেছেন সুবর্ণা খাতুন (১৮) নামে এক তরুণী। তার অনশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিক আসিফ (১৯) ওই গ্রামের আবু হাশেমের ছেলে। আর সুবর্ণা সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার মাসুদ রানার মেয়ে। তাঁরা সম্পর্কে খালাতো ভাই-বোন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
সুবর্ণার দাবি, আসিফ তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে বিয়ের কথা বললে আসিফ নানা টালবাহানা শুরু করেন। বিষয়টি দুই পরিবারের সদস্যরাও জানতেন। একপর্যায়ে আসিফের পরিবারের লোকজন তাঁকে অন্যত্র সরিয়ে দেন। তাঁকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চলছে—এমন খবর পেয়ে সুবর্ণা বৃহস্পতিবার সকালে আসিফের বাড়ির ফটকের সামনে অনশন শুরু করেন।
তাঁর অনশনের খবর ছড়িয়ে পড়লে সেখানে স্থানীয় লোকজন ভিড় করেন। দুপুরের দিকে বোরকা পরিহিত সুবর্ণা স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে নিজের অবস্থানের কথা জানান। আসিফের সঙ্গে বিয়ে না হলে বিষপানে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন তিনি।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। অনশনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, “এ ঘটনার কথা লোকমুখে শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
