আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের মাত্র পক্ষকাল আগে কানাডা থেকে আমদানিকৃত নির্দিষ্ট কিছু পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সীমান্তবর্তী অঙ্গরাজ্য মেইনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে থাকা রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সের তৎপরতার পরই মূলত হোয়াইট হাউস এই শুল্ক ছাড়ের পদক্ষেপ নেয়।
হোয়াইট হাউসের এক আনুষ্ঠানিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ছাড়ের তালিকায় প্লাইউডের শিট, কিছু বিশেষ কাগজজাত সামগ্রী, শীতলীকরণ সরঞ্জাম ও সুনির্দিষ্ট কিছু যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে। তবে কয়েকটি পণ্যে স্বস্তি দেওয়া হলেও কার্পেট, নির্দিষ্ট ধরনের ভালভ ও বর্জ্যজাত সামগ্রীর ওপর নতুন শুল্ক আরোপেরও ঘোষণা রয়েছে, যা আগামী ৩০ অক্টোবর থেকে কার্যকর হতে যাচ্ছে।
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে মরিয়া ডেমোক্র্যাটরা মেইনের সিনেট আসনটিকে বিশেষ লক্ষ্যবস্তু বানিয়েছে। অন্যদিকে ট্রাম্পের বাণিজ্য সংঘাতের বিরূপ প্রভাবে সীমান্তবর্তী এই রাজ্যটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে কলিন্স জানান, ব্লুবেরি, আলু, আপেল এবং সামুদ্রিক শৈবাল চাষে ব্যবহৃত উপকরণের মতো মেইনের কৃষিশিল্পের জন্য অত্যাবশ্যকীয় পণ্যগুলোতে তিনি এই শুল্ক ছাড় নিশ্চিত করেছেন। তিনি তুলে ধরেন যে স্থানীয় কৃষকেরা এমন সব বিশেষায়িত যন্ত্রপাতি ও প্যাকেজিং উপকরণের জন্য কানাডার ওপর নির্ভরশীল, যা যুক্তরাষ্ট্রে সহজলভ্য নয় কিংবা তার বিকল্প ব্যবহার অত্যন্ত ব্যয়বহুল।
কানাডার মোট রপ্তানি পণ্যের প্রায় ৭০ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। কিন্তু গত আগস্টে দ্বিপক্ষীয় বাণিজ্য সংলাপ ভেস্তে যাওয়ার পর থেকে অটোয়ার বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিয়ে আসছিলেন ট্রাম্প, যা হকিস্টিক থেকে সিমেন্ট পর্যন্ত প্রায় দুই হাজার কোটি ডলার মূল্যের পণ্যকে প্রভাবিত করেছে। এর আগে অটোমোবাইল, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও কাঠের ওপর আরোপিত মার্কিন শুল্কের জেরে দেশটিতে কর্মসংস্থান বাধাগ্রস্ত হয় এবং টানা দুই প্রান্তিকে অর্থনীতি সংকুচিত হয়ে কানাডা প্রযুক্তিগত মন্দার কবলে পড়ে।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে দেশটির সঙ্গে বাণিজ্যবিষয়ক দায়িত্বপ্রাপ্ত কানাডার মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান যে ওয়াশিংটনের সিদ্ধান্তের বিষয়টি অটোয়া অবগত রয়েছে। তিনি আরও বলেন, ‘এসব পদক্ষেপ পর্যালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক ও আন্তরিকভাবে কাজ করতে কানাডা প্রস্তুত রয়েছে।’ বৈশ্বিক বাণিজ্যে দীর্ঘকাল ধরে অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের সুযোগ-সুবিধার অপব্যবহার করে আসছে—এমন দাবি তুলে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বন্ধু ও প্রতিপক্ষ উভয় পক্ষের ওপরই ব্যাপক হারে শুল্ক চাপিয়ে আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোতে পরিবর্তন এনেছেন।
