Published on
:
2 min read
ভারতীয় মহিলা ক্রিকেটে ইতি পড়ল আরও এক অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে খেলা সাব্বিনেনি মেঘনা (Sabbhineni Meghana) সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৩০ বছর বয়সি এই ব্যাটার দেশের হয়ে ২০২২ সালের কমনওয়েলথ গেমসে খেলেছিলেন। সেই প্রতিযোগিতায় রুপো জিতেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা জানিয়ে পরিবার, কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন মেঘনা। তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। খেলোয়াড় পরবর্তী জীবনে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সাহায্য করতে চান।
‘স্বপ্নপূরণের মতো ছিল দেশের হয়ে খেলা’
অবসরের কথা জানিয়ে মেঘনা লিখেছেন, ‘হাতে ব্যাট নিয়ে প্রথম বার মাঠে নামা, দেশের জার্সি পরে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পাওয়া— সবটাই স্বপ্নপূরণের মতো ছিল। ক্রিকেটার হিসেবে সব ধরনের খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানাতে গিয়ে আমার মন কৃতজ্ঞতায় ভরে উঠছে। মাঠ আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো ছিল। এখান থেকেই লড়াই করার মানসিকতা, বিনয় শিখেছি। এমন অনেক স্মৃতি আর বন্ধুত্ব পেয়েছি, যা সারা জীবন আমার সঙ্গে থাকবে।’
অন্ধ্রপ্রদেশের ডানহাতি ব্যাটার মেঘনার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৬ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় তাঁর। দেশের হয়ে তিনটি একদিনের ম্যাচে ১১৪ রান এবং ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে ২৫৮ রান করেছেন তিনি।
কমনওয়েলথ গেমসে রুপো, ঘরোয়া ক্রিকেটেও সাফল্য
মেঘনার কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস। সেই প্রথম বার কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত হয়েছিল মহিলাদের ক্রিকেট। ফাইনালে ওঠে ভারত। যদিও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল হরমনপ্রীত কৌরদের দলকে। ঘরোয়া ক্রিকেটেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মেঘনা। ২০২১-২২ মরশুমে মহিলাদের সিনিয়র এক দিনের প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন তিনি। একটি শতরান ও দু’টি অর্ধশতরান-সহ মোট ৩৮৮ রান করেছিলেন। সেই পারফরম্যান্স জাতীয় দলে জায়গা পাওয়ার দাবিও জোরালো করেছিল।
WPL-এও জয়ের স্বাদ, ক্রিকেটেই থাকতে চান মেঘনা
মহিলাদের প্রিমিয়ার লিগেও খেলেছেন মেঘনা। ২০২৩ সালে প্রতিযোগিতার প্রথম মরশুমে গুজরাট জায়ান্টসের হয়ে খেলেছিলেন তিনি। পরের বছর যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। ২০২৪ সালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম বার WPL চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু। সেই দলের সদস্য ছিলেন মেঘনা।
অবসরের বার্তায় পরিবারের অবদানের কথাও আলাদা করে উল্লেখ করেছেন তিনি। মেঘনা লিখেছেন, ‘আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। জীবনের ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা— সব পরিস্থিতিতেই ওরা আমার পাশে থেকেছে। আমার জন্য ওদের অসংখ্য ত্যাগের কথা কখনও ভুলব না।’
ক্রিকেটার হিসেবে মাঠে নামা বন্ধ হলেও এই খেলার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান মেঘনা। তাঁর দাবি, ‘আমার খেলার দিন শেষ হচ্ছে, কিন্তু ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক কখনও শেষ হবে না। এই খেলার সঙ্গে গভীর ভাবে জড়িয়ে থাকতে চাই। আগামী প্রজন্মের ক্রিকেটারদের তৈরি করতে এবং যে খেলা আমাকে এত কিছু দিয়েছে, তার জন্য কাজ করে যেতে চাই।’ শেষে ক্রিকেটকে ধন্যবাদ জানিয়ে মেঘনা লিখেছেন, ‘ধন্যবাদ ক্রিকেট। তুমি চিরকাল আমার হৃদয়, আমার ভালোবাসা এবং জীবনের লক্ষ্য হয়ে থাকবে।’