নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন বাসের যাত্রী ও একজন ট্রাক চালক রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও পাঁচজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক সুমনী আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সড়কের ওপর থাকায় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
