ডেমরায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকার মাতুয়াইলে একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের....
বাংলাদেশ
প্রতিবেদকরাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা এলাকার মাতুয়াইলে একটি গ্যারেজে মেরামতের জন্য রাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পরিবহনকারী ‘নোঙর’ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসটির বেশ কিছু অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরার মাতুয়াইলের ওই গ্যারেজে বাসটিতে এই আগুন লাগে।
প্রত্যক্ষদর্শী ও বাস কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নরসিংদী রুটের শিক্ষার্থীদের বহনকারী ‘নোঙর’ বাসটি কিছুদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে ভুগছিল। ত্রুটি সারানোর জন্যই বাসটিকে ডেমরার ওই গ্যারেজে পাঠানো হয়েছিল। ঘটনার সময় গ্যারেজে জবির বাসটির ঠিক পাশেই অন্য একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ চলছিল।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিংয়ের সময় ছিটকে পড়া আগুনের স্ফুলিঙ্গ থেকেই প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের তীব্রতা বেড়ে গেলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ও গ্যারেজ কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ বিষয়ে ‘নোঙর’ বাস কমিটির সাধারণ সম্পাদক তানজিল মিয়া জানান, “বাসটি মেরামতের জন্য ডেমরার একটি গ্যারেজে দেওয়া হয়েছিল। মেরামত চলাকালে পাশেই একটি গাড়িতে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সেখান থেকেই মূলত আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে।”
তিনি আরও নিশ্চিত করেন, অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো শিক্ষার্থী বা স্টাফ উপস্থিত ছিলেন না, ফলে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে বাসটির কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হচ্ছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
