ময়মনসিংহের ত্রিশালে বদলিজনিত কারণে দায়িত্ব ছেড়ে যাওয়া দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে উপজেলা অফিসার্স ক্লাব। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ক্লাবের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছিল আবেগঘন পরিবেশ।
বিদায় সংবর্ধনা পাওয়া দুই কর্মকর্তা হলেন ত্রিশালের সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি হাসনাত জাহান খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে তাঁদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
পরে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় অফিসার্স ক্লাবের সদস্যসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস
