বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে শিক্ষার উন্নয়নের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় আনোয়ারার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি সরওয়ার জামান নিজাম বলেন, নতুন ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে মাদক, যৌতুক, ইভটিজিং ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা গীতা ব্রহ্মচারিনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল করিম চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী আনচার, জেলা বিএনপি নেতা আকতার নবী চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, মুহাম্মদ শহীদুল আলম, উপজেলা যুবদলের সংগঠক ও ব্যবসায়ী মীর মোশারফ হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মেসার্স চম্পা কনস্ট্রাকশন লিমিটেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মীর মোশারফ হোসেন।
