পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কাচ্চি জেলার মাচ এলাকায় সেতুর ওপর দুটি মাজদা ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী ওয়াগনের সংঘর্ষে নারী ও শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। খবর দ্য ডনের
রোববার (১১ অক্টোবর) জাতীয় মহাসড়কের কোয়েটা-সুক্কুর অংশে জামিনদার হোটেলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তারা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিহতদের মরদেহ ও আহত ব্যক্তিদের উদ্ধার করে মাচ সিভিল হাসপাতালে নেওয়া হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের কোয়েটায় স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনটি যানবাহনই একই সময়ে সরু সেতুর ওপর দিয়ে অন্য যানবাহনকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ হয়।
এতে যাত্রীবাহী ওয়াগনে থাকা সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত কোয়েটায় নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্সের সংকট বড় বাধা হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, মাচের স্থানীয় হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে তিনটি। তবে এর মধ্যে মাত্র একটি সচল, বাকি দুটি অকেজো হয়ে পড়ে আছে।
ফলে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অন্য শহরে স্থানান্তরের ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকর্মীদের। দুর্ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।