সাতক্ষীরার তালায় মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ক্ষিতিশ মন্ডল উপজেলার তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন পেশাদার ঘের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী ও গফফার শেখসহ ১০ থেকে ১৫ জনের একটি দল তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যায়।
সেখানে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলারও চেষ্টা করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা।
শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহায়তায় মুমূর্ষু অবস্থায় ক্ষিতিশ মন্ডলকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার ও জড়িতদের শাস্তি দাবি করেছেন নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল। তিনি বলেন, ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে। একজন স্বাধীন ঘের ব্যবসায়ীকে শুধু চুরির মিথ্যা অপবাদ দিয়ে রাতভর গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
