মিসরে বাস ও ভারী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির রাজধানী কায়রোর সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। মন্ত্রণালয়ের মুখপাত্র হোসাম আবদেল গাফফার জানান, কায়রো-আসিউত ওয়েস্টার্ন ডেজার্ট রোডের ৫৫ কিলোমিটার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে ২৮টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
তিনি আরও জানান, আহত ৩০ জনকে চিকিৎসা ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফফার আশপাশের হাসপাতালগুলোকে জরুরি চিকিৎসাসেবার প্রস্তুতি বাড়ানোর এবং দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সাদা আল বালাদের তথ্য অনুযায়ী, গিজার দিকে যাওয়া আঞ্চলিক সড়কের প্রবেশপথের কাছে মহাসড়কে বাস ও ভারী পণ্যবাহী ট্রাকটির সংঘর্ষ হয়।
এদিকে, দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
