লিওনেল মেসি। কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার। ক্লাবে খেলেন ইন্টার মায়ামির হয়ে। বাংলাদেশেও এই তারকার ভক্ত অগণিত। অভিনেত্রী সামিরা খান মাহিও ভালোবাসেন এই তারকা ফুটবলারকে।
কিন্তু হঠাৎ সেই তারকাকে সামনে থেকে দেখবেন, তার খেলা উপভোগ করবেন, এমনটা কল্পনায়ও ছিল না তার। তাই দিন কয়েক আগে যখন এ ঘটনা ঘটল, চমকে গেছেন মাহি, হয়েছে আপ্লুত।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মাহি। সেখানে দেখা গেল, যুক্তরাষ্ট্রের মায়ামিতে নু স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার আরও দুই বান্ধবী, এর মধ্যে একজন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিভিন্ন ছবিতে তিন বান্ধবীর উচ্ছ্বাস-আনন্দ ফুটে উঠেছে। আর একটি ছবিতে দেখা গেল মেসিকে।
পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘হুট করে মায়ামিতে গিয়ে এরকম একটা সারপ্রাইজ পেয়ে যাব, এটা কখনো কল্পনাও করিনি। নিঃসন্দেহে ব্যাপারটা আমার ভাবনার বাইরে ছিল।'
১৫ অক্টোবর ওই স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটি এফসির সঙ্গে ইন্টার মায়ামির ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তাতে মেসি গোল করতে না পারলেও তার দল জিতেছিল ২-০-তে। সেই ম্যাচের গ্যালারিতেই উপস্থিত ছিলেন মাহি-মিথিলারা। কিছুটা বিলম্বেই স্মৃতিটা অনুসারীদের সঙ্গে শেয়ার করে নিলেন অভিনেত্রী।
আগেই জানা গিয়েছিল, ঢালিউড অ্যাওয়ার্ডস ২০২৬-এ অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তারা। সেই সুবাদে দেশটির কিছু শহর ঘুরে দেখেছেন মাহি-মিথিলারা। আর ওই ভ্রমণেই বিশেষ স্মৃতি হয়ে গেল মেসি-দর্শন।
