দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সোমবার ‘সুপ্রিম কোর্ট চলো’ কর্মসূচি করে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। মিছিল করে সুপ্রিম কোর্টের দিকে যান রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বাড্রা, নেহা বোরা, অখিলেশ যাদবেরা। তবে সুপ্রিম কোর্ট থেকে কিছু দূরে সেই মিছিল আটকানো হয়। তবে রাহুলেরা সুপ্রিম কোর্টে যান। আজ দিল্লিতে বিরোধী শিবির বা ককরোচ জনতা পার্টির ঘোষিত কোনও কর্মসূচি নেই। যদিও সিজেপি আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছে, যত দিন পর্যন্ত না জ্ঞানেশ কুমার ইস্তফা দিচ্ছেন, তত দিন আন্দোলন চলবে। রোজই যন্তর মন্তর যাওয়ার চেষ্টা করবে তারা। অন্য দিকে, কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যন্তর মন্তরে কোনও অবস্থান বা বিক্ষোভ করা যাবে না। বিকল্প হিসেবে তিন জায়গার কথাও বলেছে কেন্দ্র। আজ দিল্লির পরিস্থিতি কোন দিকে গড়াবে?
এসআইআরে অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে বাসযাত্রা ও মিছিল করে গিয়ে (যদিও মাঝপথে তা আটকে দিয়েছিল দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় আধাসেনা) জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাহুল-সহ ১১ জন বিরোধী নেতা। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, তৃণমূল সাংসদ সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেপন্থী শিবসেনা (ইউবিটি)-র নেতা সঞ্জয় রাউত, সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবি, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেত্রী মহুয়া মাজি, শরদ পওয়ারপন্থী এনসিপি (এসপি) নেত্রী সুপ্রিয়া সুলে এবং আইইউএমএল নেতা ইটি মহম্মদ বশির। আজ শীর্ষ আদালতে সেই জনস্বার্থ আবেদনের শুনানি হতে পারে।
আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর দ্বিতীয় ম্যাচে ইরাকের আল শোর্তা এসসি-র বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে জর্ডানে গিয়ে আল হুসেনইনের সঙ্গে ড্র করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে জয় তুলে নেওয়ার লক্ষ্যে নামবে আন্তোনিয়ো লোপেজ হাবাসের দল। ইরাকের হয়ে বিশ্বকাপে খেলা চার ফুটবলার রয়েছেন আল শোর্তা দলে। ফলে লড়াই সহজ হবে না। সন্ধ্যা ৭.১৫ থেকে শুরু ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।
