মতামতের জন্য সম্পাদক দায়ী নন
কোনো যন্ত্রই কখনো বিপজ্জনক হতে পারে না। এর দায়িত্বহীন ও বেপরোয়া ব্যবহারই একজন ব্যক্তির জীবনকে অনিরাপদ করে তোলে। বর্তমান সময়ে মোটর বাইক তরুণ সমাজের কাছে দ্রুত ও সহজ যাতায়াতের একটি অন্যতম মাধ্যম।
কোনো যন্ত্রই কখনো বিপজ্জনক হতে পারে না। এর দায়িত্বহীন ও বেপরোয়া ব্যবহারই একজন ব্যক্তির জীবনকে অনিরাপদ করে তোলে। বর্তমান সময়ে মোটর বাইক তরুণ সমাজের কাছে দ্রুত ও সহজ যাতায়াতের একটি অন্যতম মাধ্যম। কিন্তু তরুণদের অসতর্ক ও অত্যাধিক ঊর্ধ্বগতি এ আনন্দকে দুর্ঘটনায় পরিণত করে। প্রায় প্রতিদিনই আমরা খবর পড়লে বা দেখলে জানতে পারি অহরহ বাইক দুর্ঘটনা ঘটে। আর এই চালকদের বেশির ভাগই তরুণ। এ ভয়াবহ দুর্ঘটনা হয়তো তাদের জীবন কেড়ে নেয় অন্যথায় স্থায়ীভাবে পঙ্গু করে দেয়।
অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর প্রবণতা, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং, কথা বলতে বলতে গাড়ি চালানো, প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ মোড় নেওয়া, হেলমেট না ব্যবহার প্রভৃত্তি ঘটনা গুলো দুর্ঘটনার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এই দুর্ঘটনার প্রভাব শুধু একজন তরুণের জীবনে পড়ে না। এটি একটা পুরো পরিবারকে পঙ্গু করে দেয়।
সুতরাং, কর্তৃপক্ষের নিকট বিনীত আবেদন, নিয়ন্ত্রিত গতিতে এবং সঠিক নিয়ম মেনে মোটর বাইক চালাতে তরুণ সমাজকে সচেতন করা হোক।
-মোসা: আওরিয়া মিমি
আইন বিভাগ, শিক্ষাবর্ষ: ২০২৪-২০২৫, জেলা : বাগেরহাট।
ওষুধের দোকানে মূল্যতালিকার বাস্তব প্রয়োগ চাই
ওষুধ মানুষের বিলাসপণ্য নয়, জীবন রক্ষার অপরিহার্য উপকরণ। অথচ অনেক ওষুধের দোকানে দৃশ্যমান মূল্যতালিকা না থাকায় ক্রেতাকে প্রায়ই নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ গুনতে হয়। বিশেষ করে জরুরি ওষুধ কিনতে গিয়ে রোগী বা স্বজনের পক্ষে এক দোকান থেকে অন্য দোকানে দাম যাচাই করা সম্ভব হয় না। ফলে অসহায়তার সুযোগ নিয়ে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগও কম নয়।
শুধু দোকানে মূল্যতালিকা টাঙিয়ে রাখলেই দায়িত্ব শেষ হতে পারে না; সেটির বাস্তব প্রয়োগ ও নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে। প্রতিটি ওষুধের দোকানে হালনাগাদ মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখা, ক্রেতাকে মূল্য জানানো এবং নির্ধারিত মূল্যের বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।
একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত বাজার তদারকি বাড়াতে হবে। ওষুধের বাজারে স্বচ্ছতা নিশ্চিত হলে রোগীর চিকিৎসা ব্যয়ও নিয়ন্ত্রণে থাকবে। তাই মূল্যতালিকা প্রদর্শন নয়, এর কার্যকর বাস্তবায়নই এখন সময়ের দাবি।
-মুহিবুল হাসান রাফি
শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ।
