ছবির ক্যাপশন: .
বিনোদন ডেস্ক
সম্পদের পরিমাণ কমেছে প্রায় আড়াই হাজার কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’-এ এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে শাহরুখ খানের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৪৯০ কোটি রুপি কমেছে। ২০২৫ সালের তালিকায় তার মোট সম্পদের মূল্য ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি। নতুন মূল্যায়নে তা নেমে এসেছে প্রায় ১০ হাজার কোটি রুপিতে।
তবে সম্পদ কমলেও অন্য বলিউড তারকাদের তুলনায় এখনও অনেকটাই এগিয়ে রয়েছেন শাহরুখ। সিনেমার পাশাপাশি তার আয়ের বড় উৎস প্রযোজনা ও ভিএফএক্স প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স-এর মালিকানা সংশ্লিষ্ট ব্যবসা। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান, শেয়ারবাজার ও আন্তর্জাতিক বিনিয়োগের মূল্যায়নে পরিবর্তনের কারণেই সম্পদের হিসাবে এই বড় ধরনের ওঠানামা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হুরুনের তালিকায় শাহরুখের পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন সালমান খান ও হৃতিক রোশনও।
এদিকে ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে বড় পর্দায় দারুণ সাড়া পাওয়ার পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল আলোচিত ‘কিং’ সিনেমাটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
ছবিটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানি মুখোপাধ্যায়, অভয় বর্মা, রাঘব জুয়াল, অনিল কাপুর ও সৌরভ শুক্লা। এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানেরও।
সূত্র: ইন্ডিয়া টুডে