মেহেরপুরের গাংনীতে বাড়িতে পানির মোটর সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মিন্নাত আলী (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের সাহাবুর পাড়ায় এ ঘটনা ঘটে। মিন্নাত আলী ওই এলাকার মো. উকিল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় নিজ বাড়িতে পানির মোটর সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন মিন্নাত। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সন্ধানী হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান জানান, মিন্নাত আলীকে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
