দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬, ০৮:২৬ পিএম
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ গত মে থেকে চলতি অক্টোবরের ১৫ তারিখ পর্যন্ত সাড়ে পাঁচ মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১ হাজার ১১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
এ সময়ে মাদকদ্রব্য উদ্ধারসহ একাধিক অস্ত্র, হত্যা মামলা এবং অন্যান্য পরোয়ানাভূক্ত আসামিদের আইনের আওতায় আনা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নারায়ণগঞ্জ সদর মডেল থানার পক্ষ থেকে প্রকাশিত এক পরিসংখ্যানিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১ মে ২০২৬ থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সময়ের মধ্যে মাদক সংক্রান্ত মোট ৮৮টি মামলা দায়ের করা হয় এবং এর বিপরীতে ১৪২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে—৪,১২১ পিস ইয়াবা, ৬.৭৭৩ কেজি গাঁজা, ৬৪.৮ গ্রাম হিরোইন এবং ১৪.৫ লিটার মদ, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২৫০ টাকা।
এছাড়া অন্যান্য অপরাধ দমন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত অভিযানে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে থানা পুলিশ।
এই সময়ে ৩০৫ জন আসামির পরোয়ানা তামিল করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সক্রিয় ৪৫ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইকারী ২৮ জন, দস্যুতার চেষ্টায় ৪১ জন এবং ডাকাতির চেষ্টায় ১৭ জন অভিযুক্তকে আটক করা হয়েছে।
অভিযানে ৪টি বিদেশি পিস্তলসহ মোট ৪টি অস্ত্র উদ্ধার করা হয়।
৪টি হত্যা মামলায় জড়িত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মামলায় ৩৫৯ জন এবং ভ্রাম্যমাণ আদালতে ৩০৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা এবং উদ্ধার তৎপরতায় বিভিন্ন ঘটনা থেকে মোট ৪৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ওসি সাজেদুর রহমান জানান, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় মাদক, অস্ত্র ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে পুলিশি তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
