বিশ্বে প্রথমবারের মতো মানুষের শরীরে শামোন্ডা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফ্রান্সের লিয়োন শহরের এক ব্যক্তির শরীরে ভাইরাসটি শনাক্ত হওয়ার পর অক্টোবরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এত দিন ভাইরাসটি মূলত গবাদিপশুসহ বিভিন্ন প্রাণীর সংক্রমণের জন্য পরিচিত ছিল।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। সংস্থাটি ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ভাইরাসটির উৎস, সংক্রমণের পথ ও জনস্বাস্থ্যের ওপর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছে।
ফরাসি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি গুরুতর অসুস্থ ছিলেন এবং তাঁর রোগ প্রতিরোধক্ষমতা মারাত্মকভাবে দুর্বল ছিল। মৃত্যুর আগে তাঁর মস্তিষ্কে জটিলতা দেখা দেয়। তবে ভাইরাসটি সরাসরি তাঁর মৃত্যুর কারণ কি না, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
শামোন্ডা ভাইরাস সাধারণত গরু, ভেড়া, ছাগল ও ঘোড়ার মতো প্রাণীকে আক্রান্ত করে। কিউলিকয়ডিস প্রজাতির ক্ষুদ্র দংশনকারী কীটের মাধ্যমে প্রাণীদের মধ্যে ভাইরাসটি ছড়ায়। মানুষের শরীরে কীভাবে সংক্রমণ ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়। প্রাথমিক ধারণা অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি এমন এলাকায় ছিলেন, যেখানে প্রাণীদের মধ্যে ভাইরাসটির উপস্থিতি ছিল এবং ওই প্রজাতির কীটও পাওয়া গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভাইরাসটির সম্ভাব্য প্রভাব ও সংক্রমণের ধরন বুঝতে আরও গবেষণা প্রয়োজন। তবে ফরাসি কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়নে সাধারণ মানুষের জন্য বর্তমানে উল্লেখযোগ্য কোনো স্বাস্থ্যঝুঁকি শনাক্ত হয়নি।
