আজকাল ওয়েবডেস্ক: সকাল বেলা। স্কুলে তখন পড়ুয়াদের ভিড়। তার মাঝেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ। তরতরিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
আন্তর্জাতিক সংবাদ মাদশ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে উত্তর পাকিস্তানের একটি স্কুলের ছাদ ধসে পড়ে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকা ‘দির কলোনি’তে এই ধসের ঘটনা ঘটে। ভয়াবহ দুর্ঘটনায় ২৮ শিশু ও একজন শিক্ষকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। আহত বহু।
ঘটনার পরেই, ওই স্কুলে পৌঁছয় স্থানীয় উদ্ধারকারী দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টির কারণে পেশোয়ার শহরের একটি দোতলা ভবনের ছাদ ধসে পড়ে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, উদ্ধারকার্য চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র আসিম খান সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছাদ ধসে পড়ার ঘটনায় ৪৭টি শিশু আহত হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই পুলিশ স্কুলটির মালিককে গ্রেপ্তার করেছে এবং ডেপুটি কমিশনার আফাক ওয়াজির ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
