Published on
:
1 min read
টুলু মণ্ডলের মামলায় চার্জশিট জমা দিল বীরভূম জেলা পুলিশ। চার্জশিট ও অন্য নথি মিলিয়ে কয়েক হাজার পাতার চার্জশিট বলে সূত্রের খবর। টুলু-সহ মোট ১২ জনের নাম রয়েছে চার্জশিট। টুলু মণ্ডল এখনও পলাতক। যদিও তাঁর আইনজীবীর দাবি টুলুকে ফেরার বলা যাবে না। তাঁর মামলা এখন উচ্চতর আদালতে রয়েছে, সেখানে তাঁকে ফেরার ঘোষণা না করা পর্যন্ত টুলুকে ফেরার বলার বিরোধিতা করেছেন তিনি।
এই মামলায় এখনও পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন। ধৃতদের মধ্যে ৪ জন সরকারি কর্মীও রয়েছেন। এই মামলায় জামিনে রয়েছেন নইমুদ্দিনের মণ্ডল। যদিও নইমুদ্দিন বর্তমানে অন্য মামলায় জেল হেফাজতে। এই মামলায় ১৫২ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে বলে আইনজীবী সূত্রের খবর।
সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন, ‘৭৫ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। জিলেটিন পাওয়া গিয়েছে বলে বিস্ফোরক সংক্রান্ত ধারাও রয়েছে।’ যত দ্রুত ট্রায়াল শুরু হয়, সেই চেষ্টা করা হচ্ছে বলে জানালেন তিনি। এই মামলায় কয়েক হাজার কোটি টাকা প্রতারণা হিসেবেও আগামী দিনে উঠে আসতে পারে বলে তাঁর মত।
অভিযুক্তদের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘১৫২ জন সাক্ষী রয়েছে। কমপ্লিট চার্জশিট জমা পড়েনি। একটা পার্ট জমা পড়েছে। আগামী কাল দেখতে পাব। তারপরেই বলতে পারব পুরোটা।’
এর আগে সেপ্টেম্বরে টুলুর FIR খারিজের আবেদনেও সাড়া দেয়নি কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মামলা খারিজ করে দিয়েছিলেন। ইতিমধ্যেই বীরভূমের মহম্মদবাজারের পাথর ব্যবসায়ী টুলুর অ্যাকাউন্ট থেকে ফ্রিজ় হয়েছে বহু সম্পত্তি।