নিজস্ব প্রতিবেদক, যশোর অক্টোবর ২০, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
যশোরের অভয়নগরে নিজ ঘরে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার শিকার বৃদ্ধা আছিয়া বেগম (৭৫) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে নিজ ঘর থেকে তার গলা কাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তার এক বোনের সঙ্গে ওই বাড়িতে বসবাস করতেন।
স্থানীয়রা ধারণা করেছে, রাতের কোনো এক সময়ে চোরেরা ঘরে ঢোকার পর হয়তো তার ঘুম ভেঙ্গে গেলে তাকে হত্যা করে পালিয়ে গেছে।
নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর মা ও খালা দুইজনে ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার (১৯ অক্টোবর) সেই খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে প্রতিবেশীরা দেখেন, ঘরের ভেতরে খাটের ওপর মায়ের গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ এসে মায়ের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, সকালে এসে দেখি খাটের ওপর মায়ের গলা কাটা মরদেহ পড়ে আছে। ঘরের ভেতরের সব মালামাল এলোমেলো। জমির দলিল, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা কিছুই খুজে পাওয়া যাচ্ছে না। ওরা আমার মাকে খুন করে সব নিয়ে গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, নিজ ঘরের ভেতর খাটের ওপর থেকে বৃদ্ধ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। অপরাধের সম্ভাব্য আলামত সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বার্থে অনেক কিছু বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
খুলনা গেজেট/এনএম
