টাইগার শ্রফছবি: Instagram
Published on
:
2 min read
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্তে উঠে এসেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় থাকা অনিল পণ্ডিতের নাম। পুলিশের সন্দেহ, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত অনিল বিদেশে বসেই হামলার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্তদের প্রায় ৩৪ হাজার টাকা দেওয়ার প্রস্তাবের পাশাপাশি বিদেশে চাকরি ও বসবাসের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
মুম্বই পুলিশ সূত্রে খবর, হরিয়ানার পানিপথের রাই কালান গ্রামের বাসিন্দা অনিল পণ্ডিত। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় রয়েছেন তিনি। বিদেশে বসে ভারতে হামলা ও তোলাবাজির নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তাঁর যোগাযোগের সূত্র খুঁজছে মুম্বই পুলিশ। এই যোগাযোগ করিয়ে দেওয়ার অভিযোগে হরিয়ানার সোনিপত থেকে সমীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়।
তদন্তকারীদের দাবি, সমীর অভিযুক্তদের সঙ্গে অনিলের যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছিলেন। এর পরেই হামলার জন্য লোক বাছাই, অস্ত্র সংগ্রহ এবং ঘটনাস্থলে পৌঁছনোর পরিকল্পনা করা হয় বলে সন্দেহ পুলিশের।
বড় অঙ্কের টাকা ও বিদেশে যাওয়ার প্রস্তাব
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজনকে প্রায় ৩৪-৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। পাশাপাশি, বিদেশে গিয়ে স্থায়ী ভাবে বসবাস ও কাজের সুযোগ করে দেওয়ার প্রলোভনও দেখানো হয়েছিল বলে অভিযোগ।
কী ভাবে হামলা?
১৮ অক্টোবর, রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকায় পুষ্পা নারসি পার্কের কাছে ফুটবল খেলে ফিরছিলেন টাইগার শ্রফ। সেই সময় বাইকে আসা তিন দুষ্কৃতী তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অন্তত পাঁচ রাউন্ড গুলি চলেছিল। টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়ির চালক ফিরদৌসের হাতে গুলি লাগে।
তদন্তকারীদের সন্দেহ, হামলার আগে অভিযুক্তেরা অভিনেতার গতিবিধির উপর নজর রেখেছিল। ১১ অক্টোবরও তাদের ওই ফুটবল মাঠের আশপাশে দেখা গিয়েছিল বলে খবর। সে দিন টাইগার মাঠে না আসায় হামলার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে অনুমান পুলিশের।
গুলি চালিয়ে পালানোর পরে অভিযুক্তেরা অন্ধেরি স্টেশনের কাছে বাইকটি ফেলে রেখে পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠে। পরে রাজস্থানের কোটায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
সলমন খানকেও হুমকি?
হামলার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এবং অডিয়ো ক্লিপ সামনে আসে। সেখানে অনিল পণ্ডিত নামে এক ব্যক্তি গুলি চালানোর দায় স্বীকার করে বলে দাবি করা হয়। একই সঙ্গে বলিউডের অভিনেতা সলমন খানকে হুঁশিয়ারি দেওয়ার কথাও উঠে এসেছে। লরেন্স বিষ্ণোই এবং বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য সলমনকে বার্তা দেওয়া হয়েছিল বলে সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি। তবে ওই পোস্ট ও অডিয়োর সত্যতা পুলিশ যাচাই করছে।
এর আগে দিল্লিতে গায়ক গুরু রনধাওয়ার জিমের বাইরে গুলি চালানো এবং হরিয়ানায় গায়ক দিলের খারকিয়ার গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনাতেও অনিলের নাম উঠে এসেছিল বলে সংবাদমাধ্যমের রিপোর্ট। দিল্লির ব্যবসায়ী মনীশ জৈনকে ৫ কোটি টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
টাইগার শ্রফের ঘটনায় এখন অনিলের সঙ্গে স্থানীয় অভিযুক্তদের যোগাযোগ, অর্থ ও অস্ত্রের জোগান এবং হামলার নেপথ্যে আরও কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।