চট্টগ্রামের চন্দনাইশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৬৩ হাজার পরিবারের তথ্যসংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে চন্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জোয়ারা সর্দার পাড়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়। সংশ্লিষ্টরা জানান, উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৬৩ হাজার পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে চন্দনাইশ পৌরসভায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে অন্য এলাকাগুলোতেও তথ্য সংগ্রহ করা হবে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এ সময় চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভুঞা, স্থানীয় বিএনপি নেতারা এবং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তথ্যসংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের হাতে ডিজিটাল ট্যাব তুলে দেন সংসদ সদস্য।
সংশ্লিষ্টরা জানান, পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে নির্ভুল তথ্য সংগ্রহ করে উপযুক্ত পরিবার চিহ্নিত করা এবং সরকারি কল্যাণমূলক কর্মসূচির সুফল নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
The post চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ শুরু appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
