কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভ সড়কের টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদ ও ব্যবস্থাপক মোহাম্মদ সুমনসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উখিয়া থানায় মামলাটি করা হয়। এতে বাদী হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার সূত্র ধর।
এ ঘটনায় রিসোর্ট এলাকা থেকে ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকের এ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ জনের মৃত্যু হয়।
এদিকে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে ডিএনএ পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহ, নিখোঁজ ব্যক্তি ও পরিচয় শনাক্তের বিষয়টি নিয়ে যেন কোনো বিভ্রান্তি না থাকে, সে জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। পরীক্ষার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগ পর্যন্ত মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হবে।’
ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল নিয়ে এসে এখানেই ডিএনএ নমুনা সংগ্রহ ও পরীক্ষার ব্যবস্থা করা হবে।’
অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনিম জাহানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটি ইতিমধ্যে তদন্তকাজ শুরু করেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
