
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হিসেবে আরও ১ হাজার ৭৪ জনকে শনাক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, সিলেটে ১৪২, চট্টগ্রামে ২৪৬, রাজশাহীতে ৩৭, ময়মনসিংহে ৭২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।
অন্যদিকে, নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ১৪৯ জনের মধ্যে ঢাকায় ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুজন রয়েছে।
গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের। হামের উপসর্গে ১০৬৬ জন মারা গেছেন। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত ২২ হাজার ৭১২ জন। হামের উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ৭ হাজার, ৩৭১ জনের মধ্যে।
হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।
