কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মো. মাসুদ ওরফে মাছুমকে গ্রেফতার করেছে পুলিশ। চার বছর ধরে পলাতক ছিলেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে মাছুমকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাছুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি সাজা পরোয়ানা ও একটি গ্রেফতারি পরোয়ানাও ছিলো।
একটি মামলায় তার দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ রয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছুমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
