নিজস্ব প্রতিবেদক · ২০ অক্টোবর, ২০২৬ ৫:৫২ অপরাহ্ন
সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
সিলেট রেঞ্জের আওতাধীন জেলাগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা-সংক্রান্ত কোনো তথ্য পুলিশের কাছে নেই।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের রামকৃষ্ণ আশ্রম, কেন্দ্রীয় দুর্গাবাড়ি ও নতুনপাড়া পূজামণ্ডপসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, সিলেট রেঞ্জের সব জায়গায় সুন্দর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। গত দুই-তিন দিনে তিনি মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। আজ সুনামগঞ্জে এসে মণ্ডপগুলো ঘুরেও তিনি শান্তিপূর্ণ পরিবেশ দেখেছেন। সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে মণ্ডপে আসছেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছেন।
পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি পূজা উদযাপন কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করছেন। মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থাও রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজামণ্ডপে আসার আহ্বান জানিয়ে ডিআইজি বলেন, দুর্গাপূজা বছরের অন্যতম বড় ধর্মীয় উৎসব। পরিবারের সদস্যদের নিয়ে সবাই যেন নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন, সে জন্য পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা কাজ করছে।
তিনি আরও বলেন, সব পূজামণ্ডপ পরিদর্শন করা সম্ভব হয়নি। তাই যেসব মণ্ডপ পরিদর্শনের বাইরে রয়েছে, সেখানকার আয়োজকদেরও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কারও কাছে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা বা এ সংক্রান্ত আগাম কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। এ ধরনের তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মণ্ডপ পরিদর্শনকালে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রম পরিচালনা কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পি এবং সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গুগলে আমাদের খবর পেতে
