Published on
:
1 min read
এই সময়: রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অবশেষে দীর্ঘ জট কাটার ইঙ্গিত মিলছে। আইনি জটিলতা ও প্রশাসনিক দীর্ঘসূত্রতা কাটিয়ে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি ফের দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। শিক্ষা দপ্তর ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রস্তুতি যে পর্যায়ে রয়েছে তাতে সব কিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসেই যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ থাকায় রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী চরম হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। রাজপথের ধর্না মঞ্চ থেকে শুরু করে আদালত— সর্বত্রই চলেছে তাঁদের ন্যায়বিচারের লড়াই। তবে সম্প্রতি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা সুনিশ্চিত করতে এবং স্কুলগুলির বিপুল শূন্যপদ দ্রুত পূরণের লক্ষ্যে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তর বিশেষ তৎপর হয়েছে। জানা গিয়েছে, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক— প্রতিটি স্তরেই ধাপে ধাপে নিয়োগের ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছে।
নভেম্বর মাসে ইন্টারভিউ শুরু হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই নতুন করে আশার আলো দেখছেন অনেকে। শিক্ষামহলের মতে, এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে রাজ্যের স্কুলগুলিতে দীর্ঘদিন ধরে চলা শিক্ষক ঘাটতি যেমন মিটবে, তেমনই পঠনপাঠনের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।
