ফুটবলে অসামান্য সাফল্য ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস ২০২৬’ গ্রহণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরের তেয়াত্রো কাম্পোয়ামারে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ এই সম্মাননা।
প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস ফাউন্ডেশন জানিয়েছে, ফুটবল মাঠে মেসির অসাধারণ অর্জনের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে তাঁর ধারাবাহিক দাতব্য কর্মকাণ্ড পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করার অন্যতম কারণ।
এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ইতিহাসও গড়েছেন মেসি। প্রথম স্বতন্ত্র ফুটবলার হিসেবে ‘প্রিন্সেস অব অ্যাস্টুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এর আগে পুরস্কারটির এই বিভাগে সম্মানিত হয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস, ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মাইকেল শুমাখার এবং অ্যাথলেট এলিউড কিপচোগের মতো ক্রীড়াবিদেরা।
আর্জেন্টিনার হয়ে ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও অসংখ্য শিরোপা জিতেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ সফল অধ্যায় কাটানোর পর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন তিনি।
মাঠের পারফরম্যান্সে দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে আসা মেসির মানবিক কর্মকাণ্ডও এবার আন্তর্জাতিক স্বীকৃতি পেল। ফুটবলে সাফল্যের গণ্ডি ছাড়িয়ে সমাজকল্যাণে তাঁর অবদানকে সম্মান জানাল স্পেনের এই মর্যাদাপূর্ণ পুরস্কার।
এমএ
