জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি হলরুমে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীতে আসবেন। এ সময় তিনি ধর্মসভা পরিদর্শন করবেন এবং পাট ও আখচাষিদের মধ্যে অর্থ বিতরণ করবেন। এ উপলক্ষে একটি বিশাল জনসভার আয়োজন করা হবে।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো রাষ্ট্রপ্রধান ঢাকার বাইরে কোনো মন্দির পরিদর্শন করেননি। এই প্রথম জনগণের প্রধানমন্ত্রী তারেক রহমান তা করছেন। এর মাধ্যমে তিনি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। শুধু রাজশাহীতে নয়, তিনি রংপুর বিভাগের বিভিন্ন স্থানে এবং চট্টগ্রামেও মন্দির পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলার বিষয়ে মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে তাঁর কাছাকাছি অবস্থানের জন্য নির্দিষ্ট ব্যক্তিদের কার্ড দেওয়া হবে। কার্ড ছাড়া কেউ তাঁর কাছাকাছি যেতে পারবেন না।
কৃষিখাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে ভূমিমন্ত্রী বলেন, দেশের পাট, আখ ও রেশমচাষিরা একসময় প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিলেন। এ দেশের মাটির সন্তান হিসেবে তারেক রহমান তাঁদের পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। ইতোমধ্যে ১৫টি পাটকল চালু হয়েছে। তিনি বিভিন্ন স্থানে পাট উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। পাট ভবিষ্যতে সোনালি আঁশ হিসেবে দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অবিভক্ত বাংলায় কলকাতা রাজধানী থাকাকালে রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ার চিনি কলকাতায় যেত। প্রধানমন্ত্রী সেই হারানো গৌরব ফিরিয়ে আনার চেষ্টা করছেন। মূলত কৃষকদের নিয়েই এই সমাবেশের আয়োজন করা হচ্ছে। তাই সমাবেশে কৃষকদের উপস্থিতি বেশি থাকবে।
