সৌদি আরবের বিমানবন্দরে হুথি গোষ্ঠীর একের পর এক হামলার মধ্যে ৩৭৯ যাত্রী নিয়ে দেশটির দাম্মামের উদ্দেশে ফ্লাইট পরিচালনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মুখপাত্র শাহনুর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ফ্লাইটটি সকাল ৮টায় দাম্মামের উদ্দেশে ছেড়ে গেছে।
ফ্লাইট পরিচালনার অনুমতি ছিল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনুমতি ছিল বিধায় ফ্লাই করেছে। অনুমতি না থাকলে তো আর ফ্লাই করত না।’
উল্লেখ্য, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। বুধবার এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সংস্থাটি জানায়, আহতদের আঘাতের মাত্রা সামান্য থেকে গুরুতর পর্যায়ের। তাদের সবাইকে চিকিৎসাসেবা দিতে হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বুধবারই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আরামকোর শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানতে যাওয়া একটি ড্রোন প্রতিহত করে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি বিমানবন্দরগুলোতে একের পর এক হামলার সর্বশেষ ঘটনা এটি।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার কথা জানায় দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
লাগাতার এ হামলার কারণে ঢাকার শাহজালাল থেকে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হতে থাকে। গতকাল বুধবার পর্যন্ত ১৩৪টি ফ্লাইট বাতিল হয়। আটকা পড়েন ২০ হাজারের অধিক যাত্রী।
এদিকে গতকাল বিমান গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি আরবের বিমানবন্দরে হামলাজনিত পরিস্থিতির ক্রমাগত উন্নতির পরিপ্রেক্ষিতে আগামী ২৫ অক্টোবর রিয়াদগামী একটি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স। বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি যাত্রা করবে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনাপূর্বক রিয়াদগামী অন্যান্য ফ্লাইটসমূহ পরিচালনার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মামগামী ফ্লাইট ২১ অক্টোবর থেকে পুনরায় চালু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাংলাদেশ সময় সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে এসব ফ্লাইট পরিচালিত হবে।
জেদ্দাগামী ফ্লাইটের ক্ষেত্রে আগামী ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে মদিনাগামী ফ্লাইট ১৮ অক্টোবর থেকে যথারীতি পরিচালিত হচ্ছে। বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে এ রুটে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ না করা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
