গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাচগড়গড়িয়া এলাকায় অনুমোদনহীন কয়লা তৈরির কারখানায় ১৪টি চুল্লি বসিয়ে কাঠ পোড়ানো হচ্ছে। গ্রামের মাঝখানে বসানো এসব চুল্লির ধোঁয়ায় মারাত্মকভাবে বায়ুদূষণ হচ্ছে। এতে পরিবেশের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাচ গড়গড়িয়া গ্রামে অনুমোদনহীনভাবে কারখানাগুলো গড়ে তোলা হয়েছে। ওই গ্রামের শাহিন মিয়া, মেহেরুল ইসলাম ও ফেলু মিয়া সহ কয়েকজন মিলে স্থানীয় দালাল দ্বারা প্রশাসনকে ম্যানেজ করে গ্রামের ফসলি মাঠের মাঝখানে মাটির চুল্লি কারখানায় প্রকাশ্যে গাছ পুড়ে কয়লা তৈরি করছে। দিনরাত ২৪ ঘন্টা চুল্লির ধোঁয়ায় আচ্ছন্ন থাকে ওই এলাকায়। শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা। ফসলি জমি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞাপন
এতে করে মারাত্মকভাবে পরিবেশ দূষণ হলেও তাদের ভয়ে কেউ কথা বলতে পারে না। অভিযোগ রয়েছে, চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ার বিষয়ে কথা বললেই সাধারণ মানুষকে হুমকি দেন তারা।
গড়গড়িয়া এলাকার বাসিন্দা মমিন মিয়া বলেন, ‘এসব কয়লা কারখানার ধোঁয়ার যন্ত্রণায় গ্রামে চলাফেরা করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অসহায় হয়ে পড়েছি আমরা।’
এ ব্যাপারে কথা হলে স্থানীয় কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, ‘এসব অবৈধ কয়লার কারখানার কথা শুনেছি। ভালোভাবে জেনে নিয়ে প্রশাসনের নিকট জানানো হয়।’
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্ত জানান, কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে সব কারখানা ভেঙে দেওয়া হয়েছে। আবার তৈরি করা হয়ে থাকলে অভিযান পরিচালনা করা হবে।
এমএইচ
