প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বিশেষ করে প্রশিক্ষণ, কর্মসংস্থান, ইশারা ভাষার দোভাষী নিয়োগ এবং প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার দুলালের সঞ্চালনায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা নিজেদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কয়েকটি দাবি মেনে নেন।
মতবিনিময় সভায় বক্তারা জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, রাজনৈতিক অংশগ্রহণ, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ততা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানান। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও আদালতে ইশারা ভাষার দোভাষী নিয়োগের ওপর গুরুত্ব দেন তারা।
জবাবে প্রধানমন্ত্রী আদালত ও হাসপাতালে ইশারা ভাষার দোভাষী নিয়োগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কৃষি খাতে কাজ করতে আগ্রহী প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি। চাকরিতে প্রবেশের বয়সসীমা শিথিলের দাবিটি বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে অন্তত বড় শহরগুলোতে সহজলভ্য ও প্রতিবন্ধীবান্ধব গণপরিবহন চালুর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আজকের অনুষ্ঠানে সবচেয়ে বেশি দাবি এসেছে প্রশিক্ষণ নিয়ে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী ও কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেবেন বলে জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, সরকার গঠনের পর বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ভাতার পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। সরকারের আর্থিক সক্ষমতার ওপর নির্ভর করে ভবিষ্যতে এ ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে মো. মহসিন নামের একজন প্রতিবন্ধী ক্রীড়াবিদ প্রধানমন্ত্রীর জন্য একটি ক্যাপ উপহার এনেছেন বলে জানালে প্রধানমন্ত্রী মঞ্চ থেকে নেমে এসে তা গ্রহণ করেন। এ সময় বিদেশে খেলাধুলায় অংশগ্রহণের ক্ষেত্রে তার দলকে সহযোগিতা করারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠান শেষে উপস্থিত বক্তাদের অনুরোধে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার৷
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
