এ বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে আবার যাত্রাপালার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, নর্তকী নাচ কিংবা অশ্লীলতা বাদ দিয়ে মানুষের জীবনের কথা বলে এমন পরিচ্ছন্ন ও সুস্থধারার যাত্রাপালা আয়োজন করা হবে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা আমাদের সংস্কৃতিকে মানুষের কাছে ফিরিয়ে দিতে চাই। যাত্রাপালা, বাউল উৎসব, কবিগান, নৌকা বাইচসহ মানুষের বিনোদন ও আনন্দের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যবাহী আয়োজনগুলোকে পুনরুজ্জীবিত করার কাজ করছে সংস্কৃতি মন্ত্রণালয়। মানুষের জীবনে একটু আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখাই এর মূল লক্ষ্য।
তিনি আরো বলেন, যাত্রাপালা আমাদের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে সেখানে অশ্লীলতা বা নর্তকী নাচের পরিবর্তে জীবনঘনিষ্ঠ, শিক্ষামূলক ও পরিচ্ছন্ন পরিবেশনা নিশ্চিত করা হবে। এ বছর থেকেই দেশের বিভিন্ন স্থানে আবার যাত্রাপালার আয়োজন শুরু করার উদ্যোগ নেয়া হয়েছে।
বিআলো/অর্নব