প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে অনুমোদনের অপেক্ষায় থাকা ১৫টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া সাময়িকভাবে পিছিয়ে গেছে।
রোববার (২৫ অক্টোবর) রাজধানীর সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্ব করার কথা ছিল। সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, মূলত প্রধানমন্ত্রীর জাপান সফরকে ঘিরেই আগের রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। সফরের আগে তাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হচ্ছে। এ পরিস্থিতিতে একনেকের বৈঠক আয়োজন করা হলে দুপুরের খাবারের আগেই তা শেষ করা সম্ভব হতো না। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে নির্ধারিত বৈঠকটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া বৈঠকে উপস্থাপনের জন্য ১৫টি উন্নয়ন প্রকল্পের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট প্রস্তাবিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। বৈঠক না হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া আপাতত পিছিয়ে গেছে।
অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও বৈঠকে উপস্থাপনের তালিকায় ছিল।
প্রস্তাবিত প্রকল্পের তালিকায় আরও ছিল বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত উন্নয়নের একটি প্রকল্পও অনুমোদনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত যানবাহন ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্পও একনেকের বৈঠকে উপস্থাপনের কথা ছিল।
এ ছাড়া দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পটিও অনুমোদনের অপেক্ষায় ছিল।
এমএ
