দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:২৩ পিএম
২৩ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় আল্লামা ইকবাল রোডে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) ৩য় কেন্দ্রীয় কনভেনশন উপলক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
দলের নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য জয় হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক কমরেড মাসুদ রানা। সভায় সভাপতিত্ব করেন দলের সদস্য সাদেকুল ইসলাম সাদিক।
সভায় মাসুদ রানা বলেন, স্বাধীনতার ৫৬ বছরের ইতিহাসে দল জিতেছে, কিন্তু মানুষ জেতেনি। লড়াইই মানুষকে বাঁচিয়ে রাখে। ইতিহাস আমাদের শিখিয়েছে, লড়াই ছাড়া মানুষের মুক্তি হয়নি।” তিনি বলেন, মানুষের মুক্তির সংগ্রামকে এগিয়ে নিতে এবং লড়াইয়ের এই শক্তিকে বিকশিত করতেই বাসদ (মার্কসবাদী)-এর ৩য় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে সাদেকুল ইসলাম সাদিক ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে বাসদ (মার্কসবাদী)-এর ৩য় কেন্দ্রীয় কনভেনশন সফল করার আহ্বান জানান। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
