সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১১টা ১৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, বিএনপি অ্যাক্টিভিস্টরা পড়েছেন বিপদে। গতকাল (শনিবার) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনেরর কাজকে বাহবা দিয়ে লিখতে হলো, আবার আজকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বাহবা দিয়ে লিখতে হলো। লিখতে না লিখতেই জানা গেলো পদত্যাগের সিদ্ধান্ত ভুয়া। এখন আবার লিখতে হবে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে না বলা কেনো ভালো হয়েছে সেটি।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, মাঝখান দিয়ে ইশরাক চিনে গেলেন নিজের দলের ভেতর ঘাপটি মেরে থাকা সেই সঙ্গীদের, যারা তার পদত্যাগে খুশি হয়েছেন, উল্লাস করেছেন।
এ সময় তিনি মন্তব্য করেন, এখন প্রতিমন্ত্রী ইশরাকের উচিত হবে পূর্ণমন্ত্রী জনাব পার্থের পদত্যাগ দাবি করা। এই মিডিয়া ক্যুর পিছনে উনার হাত আছে কি-না খতিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন।
প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার রাতে বাংলাদেশ টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। তবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে ইশরাকের পদত্যাগের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।
সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাত দিয়ে একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানেই তাকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়।
