জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১২ অক্টোবর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবেন জয়পুরহাটের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
রোববার (১১ অক্টোবর) নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি লাইনের নিকটবর্তী ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কর্তনের কাজের জন্য সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা নেসকোর জয়পুরহাট বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সম্ভাব্য এলাকাগুলো হলো- বিহারীপাড়া, মহিলা কলেজ, কাপড়পট্টি, মৌসুমী মার্কেট, ধানমন্ডি, ইরাক নগর, কৃষি অফিস, গোরস্তান রোড, সুফিয়ান ঠিকাদার বাড়ি, শহিদ জিয়া কলেজ, পৌর কমিউনিটি সেন্টার, পাচুর রোড, শামশুল হাজীর ডিপ, পাগলির মোড়, এতিমখানা রোড, মাদারগঞ্জ, টুকুর মোড়, সুপারি ডোবা, পারুলিয়া, বামনপুর চারমাথা ও হেলকুন্ডা রোডসহ তৎসংলগ্ন এলাকা।
নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
