ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। গতকাল শনিবার ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুল ইসলাম (৪৫) ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী মিলি খাতুনকে ধরে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মজিবুল ইসলাম বাড়ির গাছ থেকে সুপারি পাড়েন। এ নিয়ে শনিবার ছোট ভাই রবিউলের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় রবিউলের লাঠির আঘাতে মজিবুল, তার স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজিবুলের মৃত্যু হয়। আহত স্ত্রী ও ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রবিউল পালিয়ে গেলেও তার স্ত্রী মিলি খাতুন স্থানীয়দের হাতে আটক হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তের স্ত্রীকে আটক করা হয়েছে এবং রবিউলকে আটকে পুলিশের অভিযান চলছে।