নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপূর্ব পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময় অপূর্ব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের অস্ত্রের ব্যাগটি তার কাছে ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের ভাগনে।
ওই ব্যক্তির ব্যবহৃত অস্ত্র অপূর্বের হেফাজতে রাখা হতো বলেও তথ্য পেয়েছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে তিনি দিনের বেলা আত্মগোপনে থেকে রাতের দিকে চলাফেরা করতেন।
পুলিশ আরও জানায়, গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় আলিফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলারও আসামি অপূর্ব। এছাড়া হত্যাকাণ্ডে সরাসরি ৫ থেকে ৬ জনের সম্পৃক্ততা এবং এর পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্র থাকার তথ্য পাওয়া গেছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পিবিআই, সিআইডি ও জেলা গোয়েন্দা পুলিশের সমন্বিত দল অভিযান চালাচ্ছে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুরের তেলুনজিয়া এলাকায় একটি দোকানে চা পান করে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৭ থেকে ৮ জনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।
