খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ভিত্তিতে তৈরি এ তালিকায় তাঁদের নাম উঠে এসেছে।
গত ৮ অক্টোবর প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। তাঁদের মধ্যে গোবিপ্রবির দুই শিক্ষক হলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। এ ছাড়া ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেন, মোঃ শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরী তালিকায় স্থান পেয়েছেন।
তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তাঁর বিশ্ব র্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি তাঁর গবেষণার উপক্ষেত্র।
অন্যদিকে, অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব র্যাঙ্কিং ২ লাখ ২৯ হাজার ৭৮৪। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র। এ ক্ষেত্রে তাঁর উপক্ষেত্র ফলিত পদার্থবিজ্ঞানে বিশ্ব র্যাঙ্কিং ৪ হাজার ২৬৪।
তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ফার্মেসি বিভাগের ২০১৮১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আরাফাত হোসেনের বিশ্ব র্যাঙ্কিং ৩ লাখ ১৯ হাজার ৮৩৫। ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি তাঁর গবেষণার উপক্ষেত্র। এ উপক্ষেত্রে তাঁর বিশ্ব র্যাঙ্কিং ২ হাজার ৭৭৮।
একই বিভাগের ২০১৬ু১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শিমুল ভূঁইয়ার বিশ্ব র্যাঙ্কিং ৪ লাখ ৪১ হাজার ৪৯। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে তাঁর বিশ্ব র্যাঙ্কিং ২ হাজার ৫৭০।
এ ছাড়া ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরীর বিশ্ব র্যাঙ্কিং ১৪ লাখ ১২ হাজার ৩৮০। একই উপক্ষেত্রে তাঁর বিশ্ব র্যাঙ্কিং ১১ হাজার ৩৪৫।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর এ অর্জন গোবিপ্রবির গবেষণা কার্যক্রমের জন্য উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
খুলনা গেজেট/এএজে
