

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত দুলাল চন্দ্র শীলের পরিবারকে নতুন ঘর উপহার দিয়েছে জামায়াত। শুক্রবার সকালে নির্মিত নতুন ঘর হস্তান্তর করেন স্থানীয় গুনবতী ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন , ফেনী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি কফিলউদ্দিন, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হোসেন হেলাল , ৮ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইউসুফ পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পোরশায় মাদক নির্মূলের অঙ্গিকার পুলিশ সুপারের
নওগাঁ জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, যেভাবে রোড ডাকাতি নির্মূল করেছি, সেভাবেই মাদক নির্মূল করতে করবো। আর এ উপজেলায় মাদকমুক্ত সমাজ গড়তে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে। মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শুক্রবার বিকেল ৫টায় উপজেলার নিতপুর কালাইবাড়ী মহিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পোরশা থানা পুলিশ ও স্থানীয় জনগণের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন তিনি। এসময় তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরাত্বারোপ করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম ও সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ রতন সরকার। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, বিএনপি নেতা আব্দুল গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি: জামায়াত নেতা মনজুরুল ইসলাম ভূইঁয়া
নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামির রুকন সম্মেলন (জেলা আমির নির্বাচন) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোনা জেলা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ বদরুল আমিনের সঞ্চালণায় এসময় নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান অতিথি জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম ভূইয়া। ভোট গ্রহণ পরবর্তী বক্তব্যে তিনি বলেন, দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি। চাঁদাবাজি, লুটপাট , টেন্ডারবাজি, মিডিয়াকে কুক্ষিগত করতে সাংবাদিক হত্যা। প্রতিদিন মানুষকে গুম, খুন, নির্যাতন দেখে মনে হচ্ছে এগুলো ফ্যাসিবাদের নতুন প্রতিধ্বনি। তিনি বলেন, আমি নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এসময় তিনি আরও বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন অপশক্তি যদি নির্বাচন বানচাল, কারচুপি বা কেন্দ্র দখল করতে অপচেষ্টা চালায় নেত্রকোণাবাসী সাধারণ মানুষকে সাথে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইনশাল্লাহ। মনজুরুল ইসলাম ভূঁইয়া আরো বলেন, বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীর কাছে আমানত। ৫৬ হাজার বর্গমাইলের ১৮ কোটি মানুষ আমাদের কাছে আমানত। যদি এ দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার আলোকে সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হয় তাহলে নতুন করে আবার জুলাই বিপ্লব সংঘটিত হবে। তিনি আরো বলেন, জুলাই চেতনাকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলার জন্য এ সরকার ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বিশ্বাস করি যে জুলাই আন্দোলনের ফসল এই সরকার তাকে জুলাই আন্দোলনকে মুছে ফেলার সুযোগ দেওয়া হবে না। ভোট গ্রহণের আগে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গি সম্বলিত একটি চিঠি পড়ে শোনান। জেলা জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাওলানা এনামুল হক। অনুষ্ঠানের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোণা -৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক মাছুম মোস্তফা এমপি।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়াসহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ, জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শায়েরা খাতুন মুক্তা, নেত্রকোণা ১০ টি উপজেলার আমির, সেক্রেটারিসহ প্রায় ৮ শত রুকন।

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৭ পর্যটকের মৃত্যু
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনের ঘটনায় ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রিসোর্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সংবাদকর্মী শামিমুল ইসলাম ফয়সাল জানান, ভোরে হঠাৎ রিসোর্টটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার তৎপরতা চালিয়ে সকাল ১০টা পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সারের ডিলার না দেন, বিষের ডিলার দেন: ফেসবুকে ছাত্রদল নেতা
রাজারহাটে সারের ডিলারশীপ নিয়ে আত্মীয় করণের অভিযোগ তুলে ছাত্রদল নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন,সারের ডিলারশিপ না দেন,বিষের ডিলারশিপ দেন-ত্যাগী কর্মীরা মরে যাক। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করেগত ১৭ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীব। বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপ না পাওয়া ও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভে তিনি এ মন্তব্য করেছেন বলে জানান। তাঁর মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রায়হান ফেরদৌস সজীব রায়হান ট্রেডার্সের মালিক। তাঁর দাবি,বিদ্যানন্দ ইউনিয়নের সার ডিলারশিপের জন্য সুপারিশে তাঁর নাম দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল ডিলারশিপ পান। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ফেসবুকে ওই মন্তব্য করেন। সজীবের অভিযোগ,মোস্তফা জামাল ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তাঁর দাবি,দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার পরও তিনি ডিলারশিপ থেকে বঞ্চিত হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল। তিনি বলেন,এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না। ডিলারশিপ পরিচালনা নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে মোস্তফা জামাল বলেন, “হারুন উর রশীদ আমার জন্য একটু কথা বলাবলি করছিল। আমার নামে ডিলারশিপ,আর আমি চালাবো। অর্থাৎ ডিলারশিপের ব্যবসা তিনিই পরিচালনা করবেন বলে জানান তিনি। রায়হান ফেরদৌস সজীবের দাবি,প্রায় ১৭ বছর ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০১১ সালে বিদ্যানন্দ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,২০১৩ সালে রাজারহাট উপজেলা ছাত্রদলের কোষাধ্যক্ষ এবং ২০২১ সাল থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে ঢাকা মহানগর দক্ষিণের জিয়া মঞ্চের সহসভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানান তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে বিভিন্ন সময় হামলা- মামলার শিকার হওয়ার দাবিও করেন সজীব। তাঁর ভাষ্য,২০১৩ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তিনি আসামি হন। ২০১৭ সালে রাজারহাট সোনালী ব্যাংক চত্বরের সামনে যাওয়ার সময়ও হামলার শিকার হন বলে দাবি করেন তিনি। দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন সজীব। তিনি জানান,বাংলাদেশে রংপুর ও ঢাকায় চিকিৎসা নিয়েছেন। পরে ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নেওয়ার জন্য ২০২০সালে সকল প্রস্তুতি সম্পুর্ণ করেছিলো। কিন্তু করোনা মহামারির কারণে বন্ধ হওয়ায় চিকিৎসা নিতে পারেনি। বর্তমানে আবারও উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দাবি,অসুস্থতার কারণে দৌড়াতে পারেন না; এরপরও বিএনপির কোনো দলীয় কর্মসূচি বাদ দেননি। সজীব আরও বলেন,আমি একজন জুলাই যোদ্ধা। ১৭ বছর ধরে বিএনপির জন্য এত ত্যাগ স্বীকার করলাম। বিএনপি সরকার ক্ষমতায়,কিন্তু আমি বিএনপি করেও ডিলারশিপ পেলাম না। অথচ আওয়ামী ফ্যাসিস্টরা ডিলারশিপ পায় কিভাবে?” এদিকে স্থানীয়দের আরও অভিযোগ,ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন হারুন উর রশীদ। তিনি বলেন,সবাই কেন জানি এটাই ভাবতেছে।” তাঁর দাবি,ডিলারশিপের সব কাগজপত্র মোস্তফা জামালের নামে এবং ডিলারশিপও তিনিই পেয়েছেন। এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন,সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়েছিল। সার ডিলারশিপ নিয়োগ কমিটিতে আমিও আছি,আরও অনেকে আছেন। সবার সুপারিশক্রমে যাঁকে ভালো মনে হয়েছে, তাঁকেই দেওয়া হয়েছে।

চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ
সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য ও অন্যতম শক্তি বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, সব ধর্ম-বর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের এই ঐতিহ্য কোনো অশুভ শক্তিকে নষ্ট করতে দেওয়া হবে না। আগামী প্রজন্মের জন্য এ সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবারের দুর্গাপূজায় মানুষের উৎসাহ ও অংশগ্রহণ বেড়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, সারা দেশে প্রায় ১ হাজার ৫০০টি এবং চট্টগ্রামে প্রায় ৪০০টি নতুন সর্বজনীন পূজামণ্ডপ হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপগুলোতে সরকারি সহায়তাও বাড়ানো হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের রাউজান পৌরসভার শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে মহাষষ্ঠী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসক বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য এক দিনে গড়ে ওঠেনি। শত শত বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে এ ঐতিহ্য তৈরি হয়েছে। ‘উৎসব কখনো একা করা যায় না, উৎসব হয় সবার’—এ কথা উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান জানান। দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণে রাউজানের বিভিন্ন এলাকায় যান জেলা প্রশাসক। এ সময় আনসার, র্যাব ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের অংশগ্রহণে যৌথ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। তিনি হলদিয়া ইউনিয়নের পাহাড়ঘেরা এলাকায় অবস্থিত জানিপাথর সর্বজনীন দুর্গামন্দিরসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় ৫০ বছরের পুরোনো জানিপাথর মন্দিরে এর আগে কোনো জেলা প্রশাসক যাননি। সফরকালে জেলা প্রশাসক রামদয়াল মাঝির বাড়ি দুর্গামন্দির, ডাবুয়া কাকলী সংঘ ও ঢেউয়াপাড়ার জগন্নাথবাড়ি দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময় দুটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দেন। এ ছাড়া সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদেরও আর্থিক সহায়তা দেন তিনি। হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, গত বুধবার রাতে দুটি বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ধর্মীয় বা গোষ্ঠীগত কোনো বিরোধের তথ্য পাওয়া যায়নি। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে থাকতে পারে। তিনি জানান, সম্প্রতি সোমবার ও বুধবারের অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। জেলা প্রশাসকের দেওয়া তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এবার ২ হাজার ৫৯৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তায় প্রায় সাড়ে ১২ হাজার আনসার সদস্য ও পাঁচ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং স্বেচ্ছাসেবকদের পালাক্রমে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তাসংক্রান্ত সমস্যা দ্রুত জানাতে পূজা উদ্যাপন কমিটিগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়েছে। চট্টগ্রামের আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা সার্বক্ষণিক সতর্ক থাকবেন। জেলা প্রশাসক আরও জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএমসেন হলের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা প্রশাসকের সফরসঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।


