জন্মদিনের বিশেষ দিনে ভক্তদের নতুন চলচ্চিত্রের সুখবর দিলেন চিত্রনায়িকা পরীমনি। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ফারজানা’র অফিসিয়াল ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। তারেক রহমান পরিচালিত এই চলচ্চিত্রে এক নারীর জীবনসংগ্রাম ও টিকে থাকার নানা টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে।
ছবিটিতে পরীমনিকে দেখা যাবে একজন ক্রাইম রিপোর্টারের স্ত্রীর ভূমিকায়। গল্পে দেখা যাবে, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বা প্রাণ হারান তাঁর সাংবাদিক স্বামী। এরপর সন্তানকে সঙ্গে নিয়ে বাস্তবতার নির্মম মুখোমুখি হতে হয় তাঁকে। স্বজন হারানোর বেদনা সামলে সন্তানকে নিয়ে প্রতিকূল সমাজে টিকে থাকার লড়াই চালান ওই নারী।
নির্মাতা তারেক রহমান ইতিপূর্বে বেশ কিছু জনপ্রিয় নাটক তৈরি করলেও এটিই তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
চলচ্চিত্রটি প্রসঙ্গে পরীমনি জানান, প্রায় ছয় মাস আগেই তাঁর চরিত্রের লুক ও প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছিল। তবে শিডিউল জটিলতাসহ নানা কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। বর্তমানে সিনেমাটির শুটিং শেষ পর্যায়ে রয়েছে। জন্মদিনে ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পর থেকে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।
জেএইচআর
