শনিবার (২৪ অক্টোবর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেয় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পোস্টে দূতাবাস জানায়, কেউ গ্রেপ্তার হলে তাঁর যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। একই সঙ্গে তাঁকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।
এর আগে চলতি মাসেই আরেকটি সতর্কবার্তায় চুরির অপরাধে জড়িত থাকার পরিণতি সম্পর্কে বাংলাদেশিদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়, চুরির ঘটনায় জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হওয়ার পাশাপাশি দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।
গত ১০ অক্টোবর দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের বিষয়ে সতর্ক করা হয়। এসব অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানানো হয়।
দূতাবাসের বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে ভ্রমণ করতে আসা সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকে দেশটির আইন মেনে চলার প্রত্যাশা করে।
সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা অন্যান্য কাজে যেতে আগ্রহী বাংলাদেশিদের দেশটির ভিসাসংক্রান্ত নিয়মনীতি ও আইন সম্পর্কে সচেতন থাকা জরুরি। তবে ভিসা বাতিল বা ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতার বিষয়টি সংশ্লিষ্ট আইন ও পরিস্থিতির ওপর নির্ভর করে।
The post যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা appeared first on ভোরের চেতনা.
